০৮ নভেম্বর, ২০২৬ ০৩:১৫ পিএম

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় দুই কোটি ৬০ লাখ শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পঠন, লিখন ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানো এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৭ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। দেশের দশ বছর বয়সী শিশুদের প্রায় অর্ধেকই একটি সাধারণ পাঠ পড়ে তার অর্থ বুঝতে পারে না।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষম কর্মীবাহিনী গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। নতুন অর্থায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার দক্ষতা বাড়ানো এবং বিদ্যালয়ে উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

কর্মসূচির আওতায় শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা উপকরণ সরবরাহ, পরিকল্পিত পাঠদান পদ্ধতি চালু এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রায় ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও কর্মসূচির টিম লিডার তাশমিনা রহমান বলেন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বাড়তি শিখন সহায়তা দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে শিক্ষার মানে পিছিয়ে থাকা জেলাগুলোকে। পাশাপাশি শিক্ষা খাতে বাজেটের স্বচ্ছতা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানো হবে।

এ ছাড়া বাংলা ও গণিতে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্বব্যাংকের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি এ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট লাখ ৪৩ হাজারের বেশি নতুন ও তুলনামূলক ভালো বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এ ঋণ দেওয়া হবে। ৩০০ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধে বাংলাদেশ ২৫ বছর সময় পাবে। এর মধ্যে প্রথম পাঁচ বছর ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড বা ছাড়ের সুবিধা থাকবে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক