তুরস্কে কপ-৩১ সম্মেলন শুরু সোমবার, অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: তুরস্কের অন্যতম পর্যটন শহর আনতালিয়া, যাকে কখনো কখনো দেশটির পর্যটন স্বর্গও বলা হয়। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিখ্যাত ও সুন্দর এই শহরে সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু আসর জাতিসংঘের ‘৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন’ বা ‘কপ-৩১’। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’।
সম্মেলনে যোগ দিয়ে পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন সরকারপ্রধান। পাশাপাশি অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের (গ্রান্ট) দাবি জানাবে বাংলাদেশ।
সম্মেলনটির যৌথ নেতৃত্ব (কো-প্রেসিডেন্সি) দেবে দুই ভিন্ন গোলার্ধের দুটি দেশ—তুরস্ক ও অস্ট্রেলিয়া। এর মধ্যে স্বাগতিক দেশ হিসেবে তুরস্ক সামগ্রিক কর্মপরিকল্পনা (অ্যাকশন এজেন্ডা) পরিচালনা করবে, আর আলোচনা বা দরকষাকষির মূল সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া। সম্মেলনে দুই দেশের নেতৃত্ব ঘিরে অভিনব কূটনৈতিক এই সমঝোতা কপের দীর্ঘ ইতিহাসে এক বিরল ঘটনা।
উল্লেখ করার মতো বিষয় হলো, অস্ট্রেলিয়ার বিশেষ উদ্যোগে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
এবারের সম্মেলনের আরেকটি বড় চমক হলো কাগুজে প্রতিশ্রুতির বদলে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ। তুরস্কের প্রেসিডেন্সি থেকে প্রথমবারের মতো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীত করা এবং ভবন নির্মাণ খাতে জ্বালানি তীব্রতা অন্তত ২৫ শতাংশ কমানোর মতো বাস্তবমুখী প্রস্তাব সামনে আনা হয়েছে।
বিশ্ববাসীর কপালে চিন্তার গভীর ভাঁজ
সম্মেলন শুরুর আগ মুহূর্তে জাতিসংঘ ও বিশ্বখ্যাত গবেষণা সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন বিশ্ববাসীর কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সর্বশেষ ‘এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৬’ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে প্রাক্-শিল্প যুগের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ধরে রাখার সুযোগ কার্যত হাতছাড়া হয়ে গেছে। ফলে সাময়িকভাবে হলেও পৃথিবী এই বিপৎসীমা অতিক্রম করতে চলেছে।
প্রতিবেদনের ভয়াবহ পূর্বানুমান করে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অব্যাহত থাকলে এই শতাব্দীর শেষে পৃথিবীর গড় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি দেশগুলো তাদের বর্তমান জলবায়ু প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করলেও তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছাবে।
আসন্ন মহাবিপর্যয় ঠেকাতে হলে ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে অন্তত ৪৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা তুলে ধরেছেন পরিবেশ বিষয়ক বিজ্ঞানীরা।
প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত মানবজীবন
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্যমতে, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে (৪২৬ দশমিক ৮ পিপিএম) পৌঁছেছে। এর সঙ্গে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাব যুক্ত হওয়ায় সামনে ভয়াবহ তাপপ্রবাহ, আকস্মিক বন্যা ও দীর্ঘস্থায়ী খরার আশঙ্কা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের এই থাবা এখন সরাসরি মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, বিশ্বের প্রায় ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মানুষ বর্তমানে জলবায়ুজনিত উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
‘ল্যানসেট কাউন্টডাউন ২০২৬’ প্রতিবেদনের তথ্য বলছে, প্যারিস চুক্তির পরবর্তী এক দশকে বিশ্বজুড়ে তাপপ্রবাহজনিত গড় বার্ষিক মৃত্যু প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। শুধু প্রাণহানি নয়, অর্থনৈতিক ক্ষতিও সামাল দেওয়ার বাইরে চলে যাচ্ছে। ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগে কেবল বীমাকৃত আর্থিক ক্ষতির পরিমাণই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, অথচ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন খাতে বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলারের বিশাল অর্থায়ন ঘাটতি রয়ে গেছে।
হিমালয়ের হিমবাহ ধসে ঝুঁকি ভাটির দেশ
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, যা হিমবাহ হ্রদ বিস্ফোরণ ও ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে। ভাটির দেশ হিসেবে এই আকস্মিক বন্যার প্রথম ও সবচেয়ে বড় ধাক্কা এসে লাগে বাংলাদেশের ওপর। হিমবাহের এই অস্বাভাবিক পরিবর্তনের ফলে বর্ষায় ভয়াবহ বন্যা ও নদীভাঙন দেখা দিচ্ছে, আবার শুষ্ক মৌসুমে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় তীব্র পানিসংকট তৈরি হয়ে কৃষি ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
হিমালয় অঞ্চলের ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে রিয়েল-টাইম স্যাটেলাইট ডেটা বিনিময়, যৌথ নদী ব্যবস্থাপনা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
বঙ্গোপসাগরের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় সংকট
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর মাত্র এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ থেকে ২০ শতাংশ ভূমি স্থায়ীভাবে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা প্রায় তিন কোটি মানুষকে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত করতে পারে। বঙ্গোপসাগরের লোনাপানি উপকূলের অভ্যন্তরে প্রবেশ করে সুপেয় পানির তীব্র সংকট তৈরি করছে এবং উর্বর ফসলি জমি নষ্ট করছে, যা দীর্ঘ মেয়াদে বাংলাদেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা প্রাকৃতিক ঢাল হিসেবে বাংলাদেশকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে, সমুদ্রের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে তার অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
উত্তরে হিমালয়ের বরফ গলা পানি আর দক্ষিণে ফুলে ওঠা বঙ্গোপসাগর—এই দুইয়ের মাঝখানে বাংলাদেশ কীভাবে নিষ্পেষিত হচ্ছে, সেই আশঙ্কা মূল্যায়ন করে পরিকল্পনা নেওয়া উচিত।
প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হওয়ার এক দশক পূর্তির প্রেক্ষাপটে তাই এবারের সম্মেলনটি মানবজাতির টিকে থাকার লড়াইয়ে এক চূড়ান্ত অগ্নিপরীক্ষা।
উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন তিনি। সম্মেলনে বাংলাদেশের জলবায়ু পরিকল্পনা ও উদ্বেগের বিষয়টি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন সরকারপ্রধান।
বাংলাদেশের জনগণ কোনো অপরাধ না করেও অন্যের নিঃসরণের দায় বহন করছে—এই নৈতিক অবস্থান তুলে ধরে তিনি উন্নত বিশ্বকে নিঃসরণ কমানো এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ দ্রুত ছাড় করার জন্য জোর তাগিদ দিতে পারেন। ইতোমধ্যে বাংলাদেশ উপকূলে সবুজ বেষ্টনী তৈরি, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের মতো বাংলাদেশের নিজস্ব অভিযোজন মডেলগুলো বিশ্বের সামনে উপস্থাপন করা হয়েছে।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে নিজেদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোকে তাদের দায়িত্ব পালনে চাপ দেওয়ার ওপর বিশেষ জোর দেবে বাংলাদেশ।
অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ
অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন (গ্রান্ট) এবং প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর কাছ থেকে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। পাশাপাশি ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরবে। কারণ, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে যেসব দেশের অবদান নগণ্য, জলবায়ু পরিবর্তনের পরিণতি মোকাবিলায় তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো উচিত নয়।
‘কার্বন নির্গমনে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও শেষ পর্যন্ত আমাদেরই এর পরিণতি ভোগ করতে হয়’—বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক জলবায়ু চুক্তির অধীনে প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও বাংলাদেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।
সম্মেলনে যেসব উদ্যোগ তুলে ধরা হবে
এদিকে সম্মেলনে গত ছয় মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকারের গ্রহণ করা পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগের মধ্যে রয়েছে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং সৌরবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ।
এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা জোরদার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করে সংশ্লিষ্টরা।
এ ছাড়া দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তাও তুলে ধরা হবে।
জলবায়ু অর্থায়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে জোর
সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করা, জলবায়ু অভিযোজন জোরদার করা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন জোরদার করা এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে বৈশ্বিক রূপান্তরকে এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় এ অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে।
জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার জোরদার, জলবায়ু চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।
এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) তথ্য মতো, ৫-৮ অক্টোবর ফিজি, টুভালু ও অস্ট্রেলিয়ার অংশীদারত্বে প্রাক কপ-৩১ এর আয়োজন করা হয়। এতে সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়ার ক্রিস ব্রাউন।
বৃহত্তম এবং সবচেয়ে উল্লেখযোগ্য বৈশ্বিক জলবায়ু ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালের মার্চ মাসে জার্মানির বার্লিনে।
এমইউ/
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়