০৯ ফেব্রুয়ারী, ২০২২ ০১:১৫ পিএম

ঘুমের ব্যাধি স্লিপ এপনিয়া: আক্রান্ত ৪ কোটি মানুষ

ঘুমের ব্যাধি স্লিপ এপনিয়া: আক্রান্ত ৪ কোটি মানুষ
বিএমআরসি কনফারেন্স কক্ষে আয়োজিত নিদ্রাহীনতা বিষয়ে সচেতনতামূলক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছবি: আসাদুল ইসলাম দুলাল।

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রায় ৪ কোটি মানুষ স্লিপ এপনিয়া (গুরুতর ঘুমের ব্যাধি) আক্রান্ত। রোগটি পরিচিত হলেও এর ঝুঁকি ও সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষের ধারণা একেবারেই কম।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কনফারেন্স কক্ষে আয়োজিত নিদ্রাহীনতা বিষয়ে সচেতনতামূলক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ ও রিসজ বাংলাদেশের এ আয়োজনে নিদ্রাহীনতার ঝুঁকি ও এ থেকে সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

আলোচকরা বলেন, ‘স্লিপ এনপিয়া নামটি দেশের মানুষের কাছে নতুন। তবে এ দেশের প্রায় ৪ কোটি মানুষ রোগটিতে ভুগছেন। এটি মূলত ঘুমন্ত অবস্থায় দেহে অক্সিজেনের ঘাটতিজনিত সমস্যা। স্লিপ অ্যাপনিয়া রোগীরা নানাবিধ স্থায়ী জটিল রোগে ভুগেন। অধিকাংশ রোগী অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা মারাত্মক স্থায়ী রোগে ভুগেন।’

এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ঘুমের মধ্যে নাক ডাকা এবং অতিরিক্ত নড়াচড়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ। এই রোগীরা অধিকাংশ ক্ষেত্রে সকালে মাথা ব্যথার সমস্যায় ভুগেন এবং সারাদিন ঘুমঘুম ভাব অনুভব করেন। ফলে কর্মজীবনে এর বিরূপ প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে রোগীদের একাধিক ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের ওষুধ গ্রহণ করেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘কারো স্লিপ এপনিয়া আছে কি-না, তা কেউ বলতে পারে না। আমরা নাক ডাকছি কি-না, তা পাশের লোক বলতে পারবে। যদি এমন হয়, তাহলে পরীক্ষা করতে হবে।’

দেশে এ রোগের পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘জেলা পর্যায় পর্যন্ত স্লিপ ল্যাব তৈরি করা যাবে এবং এসব রোগীরা চিকিৎসার মাধ্যমে সুস্থতা ফিরে পাবেন।’

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতের উন্নয়নে হাত বাড়িয়ে দিয়েছেন। শূন্যতা থাকায় স্বাস্থ্য খাতকে সব থেকে গুরুত্ব দিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি এ সংক্রান্ত গবেষণায়  সংশ্লিষ্টদের উৎসাহ জোগাচ্ছেন তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল চেয়ারম্যান ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘আমরা এই রোগকে বোবা ধরা হিসেবে জানতাম। এখন আমরা জানতে পেরেছি, সে ব্যক্তি অক্সিজেন পর্যাপ্ত পাচ্ছে না, ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এরপর আমরা ম্যাশিন ও চিকিৎসার ব্যাপারে জানতে পারলাম। এমনকি এর সার্জারিও রয়েছে। বিএমআরসি এবং সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ করছেন। এতে দেশবাসী উপকৃত হবে বলেই আশা করি।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও রিসচ বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিদ্রাহীনতা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক