একদিনে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। এ সময় আরও ৩১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ রোববার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৩১টি করোনা পরীক্ষাগারে ১৮ হাজার ৩০০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯৪ হাজার ৯২২টি। পরীক্ষায় আরও ৩১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন। তাঁদের মধ্যে ১২ জন সরকারি এবং চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৭৮৯ জন পুরুষ (৬৪ দশমিক ০৬ ভাগ) ও নয় হাজার ৯৬৬ জন নারী (৩৫ দশমিক ৯৪ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ২৭ হাজার ৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা এক দশমিক ৭৪ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন এবং খুলনায় দুইজন এবং ময়মনসিংহে দুইজন রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪