করোনা: ভারতের বিপজ্জনক বার্তায় আমাদের সতর্ক হতে হবে
মেডিভয়েস রিপোর্ট: প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপজ্জনক বার্তায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (২ মে) বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্নান জানান তিনি। সভায় মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে যুক্ত হন।
তিনি বলেন, ‘ভারতে আজকে কী অবস্থা! একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে। তাদের শ্মশান ও কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।’
করোনার দফায় দফায় রূপ পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘করোনাকে বোঝা বড়ই মুশকিল, কখন কি রূপ ধারণ করে তা বোঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমাদের আরও মনোযোগী হতে হবে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন করায়।’
ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে অন্যতম অগ্রাধিকার প্রকল্প হচ্ছে এটি। তাই সড়কটি চারলেনে উন্নীত করার বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে।’
ওবায়দুল কাদের এই প্রকল্পটির নির্মাণকাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীকে এ ব্যাপারে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বিআরটিএ’কে দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন। এবং বিআরটিসিকে লোকসানের বৃত্ত থেকেও বেরিয়ে আসতে নির্দেশ দেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪