১১ ফেব্রুয়ারী, ২০২১ ০২:০৮ পিএম

টিকাদান কেন্দ্রে বন্ধ হলো নিবন্ধন কার্যক্রম

টিকাদান কেন্দ্রে বন্ধ হলো নিবন্ধন কার্যক্রম
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: দেশে এ পর্যন্ত দশ লাখের বেশি মানুষ করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের দুর্ভোগ লাঘবে এখন থেকে ভ্যাকসিন পেতে ‘অনস্পটে’ রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিরনেন্টালে নাটোর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঝিনাইদহ জেলাকে পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম পেপারলেস ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে অনস্পট নিবন্ধনের সংখ্যা বেড়েছে। এতে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছে, তারা বিভিন্নরকম ভোগান্তিতে পড়ছেন। অনস্পট নিবন্ধনের কারণে তাদেরকে এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও কষ্ট পাচ্ছেন। তাই টিকাদান কেন্দ্রে ভিড় এড়ানো এবং সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে আজ থেকে ‘অনস্পট’ নিবন্ধন বাতিল করা হয়েছে। পরে আবারও প্রয়োজন হলে সশরীরে এসে নিবন্ধন করে টিকা নেওয়ার ঘোষণা দেওয়া হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও যোগ্য পদক্ষেপের কারণে দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার অনেকাংশে কমে গেছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো সম্মানে ভূষিত হয়েছেন জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, এতো দিন যারা করোনার ভ্যাকসিন নিয়ে সমালোচনায় মুখর ছিলেন তাঁরাও ভ্যাকসিন নিচ্ছেন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটা বন্ধ করতে হবে। এজন্য অফিস-আদালতের সকল কার্যক্রম পেপারলেস করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে দ্রুত এগিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা পেপারলেস ঘোষণা  করা হবে। দ্রুততম সময়ে এটি একনেকে নিয়ে যাওয়া সম্ভব হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি সাহান আরা বানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য সেবা সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর।

এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক (এমআইএস) খান মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্যাটা ফর ইমপ্যাক্ট’র সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজর মুহাম্মদ হুমায়ুন কবির, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ওনো ভ্যান ম্যানেন, ইউএসএআইড’র জনসংখ্যা, পুষ্টি ও শিক্ষা অফিসের পরিচালক জারজিস সিধওয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক