২২ নভেম্বর, ২০২০ ০৯:০৭ পিএম

কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতার ৮০ ভাগই নারী: স্বাস্থ্য সচিব

কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতার ৮০ ভাগই নারী: স্বাস্থ্য সচিব
ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতার শতকরা ৮০ ভাগই নারী বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী প্রদক্ষেপ।

আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) আয়োজনে ইন্ডিভিজ্যুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ এবং হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, ‘কমিউনিটি ক্লিনিক দীর্ঘদিন যাবত আমাদের দেশে কাজ করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে। যাঁরা সেবা গ্রহণ করছেন তাঁদের শতকরা ৮০ ভাগই নারী, যাঁরা সেবা দিচ্ছে তাঁদেরও অধিকাংশ নারী। নারীর ক্ষমতায়নেও কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর কৃতিত্বও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রীর অবদান ও আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট নানা বিষয়ে দিক-নির্দেশনা ও যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি গত বারো বছরে বেশ কিছু যুগান্তকারী মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। এর মধ্যে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্টোরেলের মতো প্রকল্পও রয়েছে। তবে কমিউনিটি ক্লিনিকের বিষয়ে তিনি যে ধারণা দিয়েছেন তা সব কিছুকে ছাপিয়ে গেছে।’

এ উদ্যোগ প্রধানমন্ত্রীকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে বলেও মনে করেন স্বাস্থ্য সচিব।

তিনি আরও বলেন, ‘দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ২০০৯ সাল থেকে ২০১৭ সালের মধ্যে ৬৫ কোটি ভিজিট হয়েছে। ২০২০ সাল পর্যন্ত হয়তো তা ১০০ কোটি ছাড়িয়েছে। এটি একটি মাইলফলক। প্রধানমন্ত্রী প্রায় চার কোটি মানুষকে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এটিও একটি অনন্য নজির।’

যারা কাজ করে তাঁদেরই সামালোচনা হয় উল্লেখ করে সচিব বলেন, ‘যারা কাজ করে তাঁদেরই সমালোচনা সহ্য করতে হয়। আমি কিংবা স্বাস্থ্যমন্ত্রী করোনার প্রাদুর্ভাবের পর থেকে এমন একটি দিন নেই যে ঘরে বসে কাটিয়েছি। তবুও সমালোচনা হচ্ছে এবং হবে। কারণ যারা কাজ করে তাঁদেরই সামালোচনা হয়, কাজ না করলে হয় না। এজন্য একজন বড় সাহিত্যিকের উক্তির সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমার সামলোচকই আমার একমাত্র বন্ধু। আমরা এই সমালোচনাকে স্বাগত জানাই। একে আমাদের গাইডলাইন মনে করি।’

এছাড়াও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান তাঁর বক্তব্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে হেলথ কার্ড বিতরণে সরকারের উদ্দেশ্যে এবং হেলথ কার্ডের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব তুলসী রঞ্জন সাহা, সিবিএইচসির লাইন ডাইরেক্টর  ডা. সহদেব চন্দ্র রাজবংশী, সিবিএইচসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক