ক্যাডার হলেন পরিবার পরিকল্পনার ৯৪ কর্মকর্তা
মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানোনো হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং-১১২৪৩/২০১২ এবং ৪১১১/২০১৪ (মূল রিট পিটিশন নং ৩৯৬৮/২০০২) এর রায়/আদেশের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ অনুযায়ী জনপ্রসাশন মন্ত্রাণালয় কর্তৃক প্রণীত ‘বাংলাদেশে সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ, ২০২০’ ও ‘The Bangladesh Civil Service Recruitment, 1981’ এর সংশোধনপূর্বক গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন বর্ণিত ৯৪ জন নন-ক্যাডার পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে ১১ সেপ্টেম্বর ১৯৯৫ হতে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলো।
এতে আরও বলা হয়, ‘সরকারি চাকরি আইন,২০১৮’ এবং ‘বাংলাদেশে সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ, ২০২০’ ও The Bangladesh Civil Service Recruitment, 1981’ কর্মকর্তাগণের জন্য প্রযোজ্য হবে। এছাড়া এ প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ ক্ষেত্রে চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁদের চাকরি নিয়ন্ত্রিত হবে।
রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি জনপ্রশাসন সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।