০৮ অক্টোবর, ২০২০ ০৭:১৬ পিএম
যন্ত্রপাতি কেনায় ইএনটি ইনস্টিটিউটের দৃষ্টান্ত

রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ১ কোটি ৯ লাখ ৮৩ হাজার টাকা

রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ১ কোটি ৯ লাখ ৮৩ হাজার টাকা

বিল্লাল হোসেন রাজু: ‘আজ আমার ইএনটি ইনস্টিটিউট হেল্থ মিনিস্টার ন্যাশানাল অ্যাওয়ার্ড পেয়েছে। আজকের এই সম্মাননা আমার জন্য অনেক আনন্দের। আমি লাভবান হতে চাইনি, ঠিকাদার প্রতিষ্ঠানকেও বলেছি কম লাভ করতে, এতে চূড়ান্তভাবে লাভবান হয়েছে সেবা নিতে আসা রোগীরা। এখানে তাঁদের জন্য মানসম্মত উন্নত সেবা নিশ্চিত করতে পেরেছি। আমি পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করতে চেষ্টা করেছি। রোগীদের সেবা করাটাই আমার জন্য বড় দায়িত্ব। তাঁদের সেবা নিশ্চিত করতে পারলেই আমি তৃপ্ত।’

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত হেল্থ মিনিস্টার ন্যাশানাল অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবু হানিফ মেডিভয়েসকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সরকার গরীব-অসহায় জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে টাকা দেয়, আমি তো গরিব না। আমি যে বেতন পাই, তাতেই আমার ভালো চলে। আমি যেমন আছি ভালোই আছি।’

জানা যায়, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউট কর্তৃপক্ষ ২০১৯-২০২০ অর্থবছরে যন্ত্রপাতি কেনাকাটায় একটি টেন্ডারে মোট ১ কোটি ৯ লাখ ৮৩ হাজার টাকা সাশ্রয় করেছে, যা স্বাস্থ্যখাতে এক ব্যতিক্রমী ঘটনা। এছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে সব বিশেষায়িত হাসপাতাল এবং পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের মধ্যে প্রথম স্থান অধিকার করে জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউট।

এদিকে দেশের বিশেষায়িত এ প্রতিষ্ঠানকে শতভাগ দুর্নীতিমুক্ত হিসেবেও দাবি করেন প্রতিষ্ঠানটির পরিচালক।

প্রতিষ্ঠান সর্ম্পকে তিনি বলেন, এখানে রক্তনালির টিউমার, প্যারেটিড গ্রন্থির টিউমার, কানের পর্দা লাগানো, নাকের পলিপ ও হাড়ের অপারেশন, সাইনাস ক্যানসারের অধুনিক অ্যানডোসকোপিক অপারেশন, শ্বাসনালীর ক্যানসার, থাইরয়েড গ্লেন্ডের ক্যানসার, গলগণ্ড এবং জিহ্বার টিউমারের মতো জটিল অপারেশনও করা হচ্ছে বিনা খরচে। গলা না কেটে অ্যানডোসকপির মাধ্যমে থাইরয়েড অপারেশনের ব্যবস্থা রয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে চলে একটানা রোগী দেখা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ২০১৩ সালের ১৯ জুন থেকে সেবা দেওয়া শুরু হয় প্রতিষ্ঠানটিতে। বর্তমানে বহির্বিভাগের পাশাপাশি ২৪ ঘণ্টা দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। কোনো রোগী হাসপাতালে ভর্তি হন, তাহলেও চিকিৎসাসেবা পেতে খুব বেশি অর্থ খরচ করতে হয় না। এ জন্য ভর্তি হতে লাগে মাত্র ১৫ টাকা। এরপর যে কোনো পরীক্ষা থেকে শুরু করে অপারেশন করা হয় বিনামূল্যে। এমনকি রোগীকে ওষুধ (সরকার থেকে যেসব ওষুধ সরবরাহ করা হয়) ও তিন বেলা খাবারও সরবরাহ করা হয়।

এ জন্য প্রতিষ্ঠানটির ১০০ শয্যার মধ্যে ৬০টি শয্যা ফ্রি সেবার আওতায় রাখা হয়েছে। অপারেশনের ক্ষেত্রে বড় অপারেশনের জন্য ১ হাজার টাকা এবং ছোট অপারেশনের জন্য ৫০০ টাকা দিতে হয়। এছাড়া আছে ১০টি নন-এসি ও দুইটি এসি কেবিন। নন-এসি কেবিনের ভর্তি চার্জ ৪০০ টাকা এবং এসি কেবিনে ১ হাজার টাকা। এই দুই কেবিনের রোগীদের অপারেশনের ক্ষেত্রে বড় অপারেশনে ২ হাজার টাকা এবং ছোট অপারেশনে ১ হাজার টাকা দিতে হয়। 

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক