১০ জুলাই, ২০২০ ০৬:২৫ পিএম

‘করোনা হাসপাতালের তিনভাগের দুইভাগ শয্যাই ফাঁকা’

‘করোনা হাসপাতালের তিনভাগের দুইভাগ শয্যাই ফাঁকা’

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালের ১৫ হাজার শয্যার মধ্যে ১০ হাজারই ফাঁকা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘সারাদেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৯৪৫টি। তাতে রোগী ভর্তি আছে চার হাজার ৩৬১ জন এবং শয্যা খালি আছে ১০ হাজার ৫৮৪টি। সারাদেশে আইসিইউ শয্যা ৩৯৪টি। তার মধ্যে রোগী ভর্তি আছে ২২৬টিতে এবং খালি আছে ১৬৮টি।’

অর্থাৎ সাধারণ ও আইসিইউ মিলে রয়েছে মোট ১৫ হাজার ৩৩৯ শয্যা। তার মধ্যে ভর্তি আছেন চার হাজার ৫৮৭ জন রোগী। আর শয্যা ফাঁকা আছে ১০ হাজার ৭৫২টি।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা মহানগরীর করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ছয় হাজার ৩০৫টি। তাতে ভর্তি আছেন দুই হাজার ১৯৯ জন এবং শয্যা খালি আছে চার হাজার ১০৬টি। অন্যদিকে ঢাকা মহানগরীতে করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা ১৪২টি। তাতে ভর্তি আছেন ১০৮ জন এবং খালি আছে ৩৪টি।

চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যার সংখ্যা ৬৫৭টি। এই শয্যায় ভর্তি আছেন ৩১৩ জন এবং খালি আছে ৩৪৪টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যার সংখ্যা ৩৯টি। তাতে ভর্তি আছেন ১৫ জন এবং খালি আছে ২৪টি।

এর আগে গত ২৬ জুন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছিলেন, সারাদেশে করোনার জন্য নির্ধারিত সব হাসপাতালেই অনেক শয্যা খালি থাকায় রোগীরা অনায়াসে ভর্তি হতে পারবেন। সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মোট ১০ হাজার ২৪০টি, হাই ফ্লো নেজাল ক্যানেলা ৮০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ৫৫টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, ‘সারা দেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যা রয়েছে ১৪ হাজার ৬১০টি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ৩৭৯টি। এর মধ্যে সাধারণ শয্যায় করোনা রোগী ভর্তি আছেন ৪ হাজার ৬৯১ জন এবং ফাঁকা রয়েছে ৯ হাজার ৯১৯টি। এদিকে আইসিইউতে ভর্তি আছেন ১৮৩ জন এবং আইসিইউ বেড খালি রয়েছে ১৯৬টি।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকা মহানগরীতে করোনার জন্য হাসপাতাল রয়েছে ১৬টি এবং ঢাকা জেলায় একটি। ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ৭৭৩টি এবং আইসিইউ শয্যা ১৮০টি। সাধারণ শয্যায় ভর্তি আছেন ২ হাজার ৩৭৫ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ৯৭ জন করোনা রোগী।

এদিকে সংবাদ পর্যালোচনায় দেখা গেছে, প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীদের অধিকাংশ বাসায় মারা যাচ্ছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালের অব্যবস্থাপনা, বেসরকারি হাসপাতালে গলাকাটা বিল পরিশোধে আর্থিক সামর্থ্য না থাকাসহ নানা কারণে হাসপাতালে ভর্তি হচ্ছেন না আক্রান্তরা। এ অবস্থায় করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো থাকছে রোগীশূন্য। আর এভাবেই এসব হাসপাতালের প্রায় তিনভাগের দুইভাগ শয্যাই ফাঁকা থেকে যাচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত