করোনায় একদিনে চিরবিদায় তিন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমাগতভাবে বেড়েই চলেছে। নানা সীমাবদ্ধতায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সম্মুখযোদ্ধা চিকিৎসকরা, যা স্বাস্থ্যমন্ত্রীকে লেখা বিএমএর চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাদের তথ্য মতে, করোনার ছোবলে এ পর্যন্ত ৪৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ জুন) রাত থেকে শুক্রবার (২০ জুন) সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণঘাতী এ ভাইরাসে জীবন গেলো আরও তিনজন চিকিৎসকের।
গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে মারা গেছেন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত বাংলাদেশী চিকিৎসক রনক মো. সফিউল্লাহ। সৌদি আরবের রিয়াদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ডা. রনক মো. সফিউল্লাহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি সৌদি আরবের কিং সালমান হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
করোনায় শনিবার (২০ জুন) সকালে না ফেরার দেশে পাড়ি জমান রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. শফিকুল ইসলাম। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রবীণ এ চিকিৎসকের স্মৃতিচারণ করে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) সিনিয়র সহসভাপতি ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা মিটফোর্ডে প্রথম বর্ষে ভর্তি হয়েই যার প্রাণবন্ত ছোঁয়া ও উৎসাহে উজ্জীবিত হয়ে উঠেছিলাম, তিনি এই শফিক স্যার। আমাদেরকে বন্ধুর মতো আপন করে নিয়েছিলেন। আমাদের মেডিকেলে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা স্তম্ভ ছিলেন তিনি। সব ছাত্র-ছাত্রীদের সমান দৃষ্টিতে দেখতেন। তবে আমাকে একটু বেশি পছন্দ করতেন বলে টের পেতাম। প্রফেশনাল পরীক্ষায় সবাইকে পাস করানোর জন্য ব্যস্ত হয়ে পড়তেন।’
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন। শনিবার (২০ জুন) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ডা. মুজিবুর রহমান রিপন ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে পেডিয়েট্রিকসে এফসিপিএস সম্পন্ন করেন। তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লায় সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬