১১ জুন, ২০২০ ০৬:০১ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার আরও অবনতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার আরও অবনতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলেও জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন। 

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, তার চিকিৎসা চলতে থাকবে, তবে তার অবস্থার আরও অবনতি ঘটেছে।

তাকে পরিবার বিদেশ নিতে যাচ্ছে, চিকিৎসকরা কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, পরিবার কোনও সিদ্ধান্ত নেননি। তারা যোগাযোগ করছেন, কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। আর আমাদের পরামর্শ হচ্ছে, তারা যদি চান, নিতে পারেন। কিন্তু প্রোপার ব্যবস্থা করে নিতে হবে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল।

এদিকে, করোনাভাইরাস থেকে মুক্ত হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে  নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার তেমন পরবির্তন না থাকায় নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করছে।

গতকাল (বুধবার) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয় আমাকে জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেয়ার জন্য সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছে। তবে কোমায় থাকা নাসিমকে বিদেশে নেয়া যাবে কি না- তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গতকাল রাতে বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, সোম ও মঙ্গলবার করা করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তাঁর অন্যান্য অবস্থার অবনতি হয়নি। মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।

প্রসঙ্গত, গত ১ জুন আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি ম্যাসিভ ব্রেনস্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। পরে ডিপ কোমায় চলে যান নাসিম। গত কয়দিনে তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি।

শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। প্রাথমিকভাবে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। তবে ৭২ ঘণ্টা শেষে কোনো উন্নতি না হওয়ায একইভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এখনও চিকিৎসকদের বিশেষ নজরদারিতে আছেন নাসিম।

  ঘটনা প্রবাহ : মোহাম্মদ নাসিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক