জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার
বিভাগীয় শহরে হবে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট
মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল জেলা সদর হাসপাতালে নেফ্রোলজি ইউনিট ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, হৃদরোগ, ক্যান্সার ও কিডনি চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিভাগীয় শহরে সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপন; ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ১৫০ শয্যাবিশিষ্ট কার্ডিওভাস্কুলার ইউনিট স্থাপন; বিদ্যমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ ও জোরদারকরণ এবং সকল জেলা সদর হাসপাতালে নেফ্রোলজি ইউনিট ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের সকল নাগরিকের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গত দশ বছরে সেক্টর কর্মসূচি ও প্রকল্পসহ স্বাস্থ্য খাতের বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা হয়েছে এবং ইতোপূর্বে চলমান সেক্টর কর্মসূচি ছাড়াও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করছি। এর মধ্যে অন্যতম হচ্ছে- কুষ্টিয়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও সুনামগঞ্জে নতুন মেডিক্যাল কলেজ নির্মাণ; ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ই-হেলথ এর উন্নয়ন; ৮টি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (SSK) সম্প্রসারণ; জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলের স্বাস্থ্য স্থাপনা নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা । ইতোমধ্যে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন সম্পন্ন হয়েছে ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
অভিন্ন লক্ষ্যে নানাবিধ কার্যক্রম বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের জনববল বৃদ্ধিসহ দেশের হাসপাতালে শয্যা সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা, তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা, ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুকরণ, ‘স্বাস্থ্য বাতায়ন’ নামে হেলথ কল সেন্টারের মাধ্যমে সেবা, স্বাস্থ্য কেন্দ্রে অটোমেশন কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন, ২৪ ঘণ্টাব্যাপী অনলাইন সেবা ইত্যাদি নানাবিধ কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ফলে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে আশাব্যাঞ্জক অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্ত নির্ভর স্বাস্থ্যসেবা কার্যক্রম ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে। অত্যাবশ্যকীয় সেবা প্রদানে বাংলাদেশ ৫৯ ভাগ অগ্রগতি অর্জন করেছে, যা ২০১০ সালে ছিলো ৩৪ ভাগ।’
চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ ভাগ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।
-
১২ জুন, ২০২০
-
১১ জুন, ২০২০
-
১১ জুন, ২০২০
জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার
বিভাগীয় শহরে হবে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট
-
১১ জুন, ২০২০