দুই দফা পরীক্ষায় করোনা মুক্ত নাসিম, অবস্থা অপরিবর্তিত!
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে ২৪ ঘণ্টায় তার দুইটি করোনা পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। ফলে তিনি এখন করোনা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘গতকাল ও আজ মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছে। দুটোতেই ফলাফল নেগেটিভ এসেছে। অন্যান্য অবস্থা আগের মতোই আছে। তিনি মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পর্যবেক্ষণে আছেন।’
রাজধানীর শ্যামলীর এ বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থাতেই তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।
এর আগে রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়।
তার শারীরিক অবস্থা বিবেচনায় গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড প্রাথমিকভাবে মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়। তবে তার অবস্থার বিশেষ পরিবর্তন না হওয়ায় ৭২ ঘণ্টা শেষে গতকাল আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।
২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি ।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১