দেশে করোনায় প্রথম নারী চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধী করোনভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র গাইনি চিকিৎসক আমেনা বেগমের (৬৩) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. আমেনা বেগম গত ১৯ মে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর আগে থেকে অ্যাজমার সমস্যা ছিল। শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) জাহিদুল ইসলাম জানান, গত ১৪ মে নমুনা পরীক্ষায় ডা. আমেনা বেগমের করোনা শনাক্ত হয়। এর পর প্রথমে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। প্রথম দিকেই শারীরিক অবস্থা ভালো ছিল, সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু এক পর্যায়ে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো জানিয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আক্রান্ত অন্য অধিকাংশ চিকিৎসক আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসক আমেনা খান দীর্ঘদিন নারায়ণগঞ্জ হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। কয়েক বছর আগে অবসরে যান তিনি। এর পর শহরের খানপুর এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন। নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন ডা. আমেনা।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ওই দিন আক্রান্ত তিনজনকে পাওয়া যায়, যার দুজনই নারায়ণগঞ্জের। গত ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৪ জন।
এছাড়া দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জন। মারা গেছেন ৪৩২ জন। সুস্থ হয়েছেন ছয় হাজার ১৯০ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৭ হাজার ৫৭২ জন। মৃতের সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৩২ জন।
-
০২ জুন, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
০২ জানুয়ারী, ২০২১
-
৩০ ডিসেম্বর, ২০২০
-
২৭ ডিসেম্বর, ২০২০
-
২৬ ডিসেম্বর, ২০২০
-
০২ জুলাই, ২০২০
-
০৮ জুন, ২০২০