২০ মে, ২০২০ ০২:৪৮ পিএম

সর্বোচ্চ ১৬১৭ জনের করোনা শনাক্ত, ১৬ জনের মৃত্যু

সর্বোচ্চ ১৬১৭ জনের করোনা শনাক্ত, ১৬ জনের মৃত্যু
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও এক হাজার ৬১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৩৮ জনে। 

আজ বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩ হাজার ৮৫২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৩৮ জন। তাদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে মোট পাঁচ হাজার ২০৭ জন বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন। মারা গেছেন ৩৭০ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৯৯৩ জন। 

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৭ হাজার ১৩৫ জন। মৃতের সংখ্যা তিন লাখ ২০ হাজার ৩৯২ জন। সুস্থ হয়েছেন প্রায় ১৯ লাখ ১৬ হাজার ৭৯৮ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত