২৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৬ পিএম

গবেষণা: দেশের সর্বোচ্চ প্রজনন হার ভোলায়, বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট

গবেষণা: দেশের সর্বোচ্চ প্রজনন হার ভোলায়, বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট
ছবি: এআই জেনারেটেড

মেডিভয়েস রিপোর্ট: জেলাভিত্তিক প্রজনন হার, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের চিত্রে বড় পার্থক্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপে। প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাট। অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে এবং শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনে শীর্ষে বান্দরবান। দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়। জেলাটিতে এ হার ৩ দশমিক ৫০। বিপরীতে সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, ১ দশমিক ৫০। জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে বিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০। এ ছাড়া লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।

অন্যদিকে বাগেরহাটের পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁয়, ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে কম প্রজনন হার খুলনায়, ২ দশমিক ০০। আর সর্বোচ্চ বরিশাল বিভাগে, ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে এ হার ২ দশমিক ২০।

প্রতিবেদনে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে।

তিনি বলেন, গর্ভনিরোধক ব্যবহারের হার কমার পাশাপাশি প্রজনন হার ও পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বৃদ্ধি উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

অধ্যাপক মাইনুল ইসলাম আরও বলেন, যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরিবার পরিকল্পনায় সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট

প্রজনন হারের পাশাপাশি বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক বড় বৈষম্য উঠে এসেছে প্রতিবেদনে। দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটির ২০ থেকে ২৪ বছর বয়সী প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা, যেখানে বাল্যবিবাহের হার ৬৭ দশমিক ৯ শতাংশ। এরপর ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ, যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ এবং টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ, বগুড়ায় ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে, মাত্র ১২ দশমিক ৮ শতাংশ। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এ হার ২৪ দশমিক ৪ শতাংশ করে এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ। চট্টগ্রাম জেলায় এ হার ২৯ শতাংশ। সামগ্রিকভাবে সিলেট বিভাগে বাল্যবিবাহের প্রবণতা সবচেয়ে কম।

৮৫.৭ শতাংশ শিশু শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার

শিশুদের সুরক্ষার ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে জরিপে। দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে কোনো না কোনো ধরনের শারীরিক শাস্তি অথবা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের হার সবচেয়ে বেশি বান্দরবানে, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। এ ছাড়া দিনাজপুরে ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।

বিপরীতে এ হার সবচেয়ে কম সিলেটে, ৬৩ দশমিক ৫১ শতাংশ। চাঁদপুরে ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।

স্বাস্থ্যসেবায়ও জেলাভেদে বৈষম্য

প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার ক্ষেত্রেও জেলার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যের কথা উঠে এসেছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির ক্ষেত্রে কয়েকটি জেলা এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা।

সব মিলিয়ে এমআইসিএস ২০২৫-এর জেলা অ্যাটলাসে দেশের প্রজনন হার, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্যের চিত্র স্পষ্ট হয়েছে। এসব সূচকের উন্নয়নে জেলাভিত্তিক সমস্যা চিহ্নিত করে কার্যকর পরিকল্পনা ও সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে এসেছে প্রতিবেদনে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত