২৬ নভেম্বর, ২০২৬ ০৩:০১ পিএম

সব মিলিয়ে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব মিলিয়ে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: মেডিভয়েম

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দ্রুতই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

জাতীয় ভাসকুলার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘হতাশার কথা না বলে আমরা প্রতিটি বিষয় ধরে ধরে ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছি। আপনাদের একটি নতুন তথ্য দিতে চাই। সরকারি হাসপাতালে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এ নিয়োগের পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। তবে আমাদের পরিকল্পনা শুধু পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে সীমাবদ্ধ নয়। চলমান প্রথম পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ সম্পন্ন হওয়ার পরপরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ, সব মিলিয়ে ১০ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।’

‘এর প্রধান কারণ গত ১০-১৫ বছরে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ হয়নি। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যার প্রায় অর্ধেক চিকিৎসকও নেই। তাই এই জনবলসংকট দূর করতে হবে।’

তিনি বলেন, একই সঙ্গে নার্স নিয়োগের কার্যক্রম শুরু হচ্ছে এবং এ নিয়োগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগও হয়নি। অথচ হাসপাতালগুলোতে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কেনা হচ্ছে, সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। এ নিয়োগ কার্যক্রমও দ্রুত শুরু করা হবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হেলথ ওয়ার্কার নিয়োগের উদ্যোগ চলমান রয়েছে।’

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় সমন্বিত উদ্যোগ

প্রতিমন্ত্রী জানান, ‘চলতি সপ্তাহটি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এআরএম) সচেতনতা সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় জনস্বাস্থ্যঝুঁকি। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে চিকিৎসা জটিল হয়ে উঠছে এবং মৃত্যুঝুঁকি বাড়ছে। বাংলাদেশে বছরে প্রায় সোয়া লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে মৃত্যুবরণ করছেন বলে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ প্রয়োজন। আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে কাজ শুরু করছি।’

সম্প্রতি চিকিৎসকদের মেডিকেল কারিকুলাম, নার্সিং কারিকুলাম, ফার্মাসিস্টদের পাঠ্যক্রম এবং মিডওয়াইফারি কারিকুলাম পর্যালোচনায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো, চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও ফার্মাসিস্টদের প্রশিক্ষণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে যথাযথ গুরুত্ব নিশ্চিত করা।

একই সঙ্গে বিভিন্ন ল্যাবরেটরির সঙ্গে সমন্বয় এবং রোগজীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়ার ধরন পর্যবেক্ষণে কাজ চলছে। আইইডিসিআর’র মাধ্যমে পরিচালিত সার্ভিল্যান্স ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন স্থান থেকে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ধরন ও বিস্তার সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে।

মরণোত্তর চক্ষুদান উৎসাহিত করা

স্বাস্থ্য খাতের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মরণোত্তর চক্ষুদান। এ কার্যক্রম কীভাবে আরও উৎসাহিত ও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং চক্ষুদানের প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে মাতৃ ও শিশুস্বাস্থ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা এবং মরণোত্তর চক্ষুদান—প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে।

অনুষ্ঠানে ভাসকুলার সার্জন ও ব্রডকাস্ট জার্নালিস্টের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল বলেন, সাধারণ মানুষ যখন কোনো দুর্যোগের মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরে বা আশ্রয়কেন্দ্রে প্রবেশ করেন, তখন টেলিভিশনের পর্দায় দেখতে পান ভয়াবহ পরিস্থিতির চিত্র। অর্থাৎ, যে বিপদ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করছে, সাংবাদিকরা সেই বিপদের মধ্যেই সরাসরি উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করছেন।

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি, চিকিৎসকদের মতো সাংবাদিকরাও মানুষের জীবন রক্ষায় এবং সত্য তুলে ধরতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। চিকিৎসকদের পাশাপাশি সাংবাদিকরাও দায়িত্ব পালন করতে গিয়ে জীবনহানির ঝুঁকিতে থাকেন।’

চিকিৎসক-সাংবাদিকের সম্পর্ক শ্রদ্ধা ও আস্থার হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসক ও সাংবাদিকদের সম্পর্কের বিষয়ে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। তাঁদের মধ্যে তথাকথিত সুসম্পর্ক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক হওয়া উচিত। কারণ সম্পর্ক অতিরিক্ত ঘনিষ্ঠতার পর্যায়ে চলে গেলে একজন সাংবাদিকের পক্ষে কোনো চিকিৎসকের ভুল বা অনিয়মের বিরুদ্ধে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করা কঠিন হয়ে পড়তে পারে। ব্যক্তিগত সুসম্পর্কের কারণে অন্যায় তুলে ধরার ক্ষেত্রেও দ্বিধা তৈরি হতে পারে। তাই চিকিৎসক ও সাংবাদিকদের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতার চেয়ে পেশাগত দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা, নিরপেক্ষতা এবং আস্থার সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমএই) ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভাসকুলার সার্জন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক