নমুনা ছাড়া কয়েক মিনিটেই স্বাস্থ্যপরীক্ষা, এআইয়ে মিলছে রোগের আগাম বার্তা!
আবু নাঈম মনির, হংকং থেকে ফিরে: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় মাত্র কয়েক মিনিটেই জানা যাচ্ছে শরীরের বর্তমান অবস্থা, সম্ভাব্য রোগঝুঁকি এবং সুস্থ থাকতে প্রয়োজনীয় করণীয়। চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংভিত্তিক স্বাস্থ্য প্রতিষ্ঠান লাইভফরওয়েল চালু করেছে এমনই এক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, যেখানে সাতটি বিশেষায়িত যন্ত্র ও নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মধ্যেই দিচ্ছে রোগীর স্বাস্থ্য প্রতিবেদন। আর এর মাধ্যমে মিলছে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বিষয়ে আগাম সতর্কবার্তা। ফলে সহজতর হচ্ছে সময় মতো রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।
হংকংয়ে প্রতিষ্ঠানটির ইন্টেলিজেন্ট হেলথ অ্যাসেসমেন্ট সেন্টার সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, নিজস্ব এআই প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত যন্ত্রের সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করলেই অল্প সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে শারীরিক অবস্থার নানা তথ্য। এরপর সেসব তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব মূল্যায়ন প্রচলিত চিকিৎসা পরীক্ষা কিংবা রোগ নির্ণয়ের বিকল্প নয়। বরং শরীরে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সচেতনতা সৃষ্টি ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
কয়েক মিনিটে রোগ শনাক্ত
লিভফরওয়েলের আধুনিক প্রযুক্তির নানা যন্ত্রের কোনোটি শরীরের গঠন ও ভঙ্গি বিশ্লেষণ করছে, আবার কোনোটি সংগ্রহ করছে শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য। পরে সংগৃহীত তথ্য সমন্বয় করে ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
এ প্রযুক্তির উদ্দেশ্য শুধু শরীরে বিদ্যমান সমস্যার সম্ভাব্য ইঙ্গিত দেওয়া নয়; বরং দৈনন্দিন অভ্যাস ও জীবনযাত্রার কারণে ভবিষ্যতে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়েও আগাম ধারণা দেওয়া।
প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, প্রযুক্তির মাধ্যমে পাওয়া এসব তথ্যকে নিশ্চিত রোগ নির্ণয় হিসেবে বিবেচনা করা যাবে না। সম্ভাব্য ঝুঁকি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ এবং প্রচলিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত করা প্রয়োজন।
নিজস্ব এআই মডেলে ৭ যন্ত্রে স্বাস্থ্যপরীক্ষা
লিভফরওয়েল কর্মকর্তাদের ভাষ্য মতে, তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সাতটি এআইভিত্তিক বিশেষায়িত পরীক্ষার যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসব যন্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সমন্বিতভাবে বিশ্লেষণ করা হয়। এ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব স্বাস্থ্যসেবাবিষয়ক বৃহৎ ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ‘মেডিএলএলএম’।
প্রতিষ্ঠানটির দাবি, একজন মানুষের শরীর সম্পর্কে বিভিন্ন উৎস থেকে পাওয়া বিচ্ছিন্ন তথ্য একত্র করে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বিশ্লেষণ এবং ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরিতে এ মডেল সহায়তা করে। শুধু একটি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর না করে শরীরের বিভিন্ন পরিমাপ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য এবং দৈনন্দিন অভ্যাস বিবেচনায় নিয়ে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করা হয়।
এর মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে ব্যক্তিকেন্দ্রিক পরামর্শ পাওয়ার সুযোগ রয়েছে।
লিভফরওয়েলের দাবি, আন্তর্জাতিক মানের চিকিৎসা-উপযোগী স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র এবং নিজস্ব এআই মোশন ক্যাপচার প্রযুক্তির সমন্বয়ে তারা এ সেবা দিচ্ছে। তবে বিভিন্ন রোগের ঝুঁকি মূল্যায়নে এসব যন্ত্রের নির্ভুলতা ও কার্যকারিতা সংশ্লিষ্ট প্রযুক্তির বৈজ্ঞানিক যাচাই এবং বাস্তব প্রয়োগের সক্ষমতার ওপর নির্ভরশীল।
দেহের অভ্যন্তরের তথ্য জানতে ইআইটি প্রযুক্তি
ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাসেল চ্যান স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত বিশেষ একটি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন। তিনি ইলেকট্রিক্যাল ইম্পিড্যান্স টমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তির কার্যপদ্ধতি ব্যাখ্যা করে বলেন, এ প্রযুক্তিতে শরীরের বিভিন্ন টিস্যুর বৈদ্যুতিক প্রতিবন্ধকতার পার্থক্য কাজে লাগিয়ে নির্দিষ্ট অংশের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এর অন্যতম বৈশিষ্ট্য হলো, এক্স-রের মতো আয়নাইজিং বিকিরণ ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা সম্ভব।
সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরীক্ষার প্রযুক্তি সহজলভ্য করতে বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করছেন জানিয়ে ড. রাসেল চ্যান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যবহার করা যায় এবং পরিচালনার জন্য জটিল কারিগরি দক্ষতার প্রয়োজন হয় না—এমন যন্ত্র তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘আমরা এমন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছি, যাতে চিকিৎসাসংক্রান্ত যন্ত্রপাতি সাধারণ মানুষের নাগালে পৌঁছায়। প্রাথমিক স্বাস্থ্যসেবায় এসব যন্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে। এগুলো পরিচালনার জন্য সব ক্ষেত্রে বিশেষজ্ঞ অপারেটরের প্রয়োজন হয় না’—বলেন তিনি।
পরীক্ষার পরও চলবে স্বাস্থ্য পর্যবেক্ষণ
নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে মানুষকে উৎসাহিত করে লিভফরওয়েল। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ভিআইভি পাস’। এর মাধ্যমে একজন ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরিস্থিতির একটি ভিত্তি বা হেলথ বেসলাইন তৈরি করা হয়। পরবর্তী সময়ে নতুন স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে শারীরিক অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, ব্যক্তিকেন্দ্রিক ব্যায়াম পরিকল্পনা, বিকল্প খাদ্য গ্রহণের পরামর্শ এবং ২৪ ঘণ্টা স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা রাখা হয়েছে। তবে এ ধরনের ডিজিটাল পর্যবেক্ষণকে সার্বক্ষণিক চিকিৎসক তত্ত্বাবধানের সমতুল্য মনে করার সুযোগ নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অংশগ্রহণ বাড়াতে পুরস্কারের ব্যবস্থা
স্বাস্থ্য ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়াতে পুরস্কারভিত্তিক ব্যবস্থাও যুক্ত করেছে লিভফরওয়েল। ‘সুইট পয়েন্ট’ ও ‘ওয়েলশপ’ নামের দুটি ব্যবস্থার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর অভ্যাসকে পয়েন্ট ও পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ব্যবস্থার মূল ধারণা ‘মুভ টু আর্ন’—অর্থাৎ, নিয়মিত শরীরচর্চা ও ইতিবাচক অভ্যাসের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করলে তার বিপরীতে নির্দিষ্ট সুবিধা বা পুরস্কার পাওয়া যাবে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মতে, শুধু স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানানোই যথেষ্ট নয়। কারণ ঝুঁকির কথা জানার পরও অনেকেই জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনেন না। এ জন্য নিয়মিত উৎসাহ, পুরস্কার এবং আচরণগত পরিবর্তনে সহায়ক ব্যবস্থা থাকা প্রয়োজন।
এশীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যতথ্য নিয়ে গবেষণায় প্রাধান্য
নিজস্ব প্রযুক্তির উন্নয়নে এশীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যগত বৈশিষ্ট্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে লিভফরওয়েলের। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তাদের তৈরি মেডিএলএলএমের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ধাপে ধাপে একটি স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে এশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর স্বাস্থ্যসংক্রান্ত বৈশিষ্ট্য আরও ভালোভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, শারীরিক বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যঝুঁকির ধরনে পার্থক্য রয়েছে। তাই ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরির ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তবে এ ধরনের তথ্যভাণ্ডার তৈরির ক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণার অগ্রগতি ও প্রয়োজনীয় যাচাইয়ের ভিত্তিতে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান অনুসরণ করা হবে।
রোগ প্রতিরোধে গুরুত্ব
বিশ্বজুড়েই স্বাস্থ্যব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে অসংক্রামক রোগ। ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের মতো অসুস্থতা অনেক সময় দীর্ঘদিন স্পষ্ট কোনো লক্ষণ ছাড়াই শরীরে বিকশিত হয়। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয়, একই সঙ্গে বেড়ে যায় চিকিৎসার ব্যয় ও জটিলতা।
বাংলাদেশেও অসংক্রামক রোগ ক্রমেই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা, রোগের প্রাথমিক লক্ষণ উপেক্ষা এবং দেরিতে চিকিৎসা নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ বাস্তবতায় লিভফরওয়েলের মতো প্রতিষ্ঠানগুলো রোগ শনাক্তের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে।
লিভফরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও অনেক মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে রোগ জটিল পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসা শুরু হলে ব্যক্তিগত ও রাষ্ট্রীয়—উভয় পর্যায়েই ব্যয় বেড়ে যায়। এ অবস্থায় ভবিষ্যতের স্বাস্থ্যসেবা পরিকল্পনায় রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি আগাম ঝুঁকি শনাক্ত এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
‘আমাদের লক্ষ্য হলো, মানুষকে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই সচেতন করা। প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নের পাশাপাশি আমরা জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সহায়তা করতে চাই’—বলেন মিরান্ডা ওং।
বাংলাদেশে এআই স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সম্ভাবনা
বাংলাদেশে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। অথচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার অভাবে অনেকেই প্রাথমিক পর্যায়ে এসব রোগের ঝুঁকি সম্পর্কে জানতে পারেন না। এ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বাস্থ্য মূল্যায়ন প্রযুক্তি আগাম ঝুঁকি শনাক্ত, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বিশেষ করে অল্প সময়ে স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী পরামর্শ দেওয়ার সুযোগ থাকায় এ ধরনের প্রযুক্তি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে পারে। তবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং প্রচলিত চিকিৎসাব্যবস্থার সঙ্গে সমন্বয় করা জরুরি।
এ বিষয়ে লিভভফরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার চাহিদা ও স্থানীয় বাস্তবতা সম্পর্কে আরও জানতে আগ্রহী তাঁরা। বিশেষ করে মানুষের আয় ও প্রয়োজন বিবেচনায় উপযুক্ত সেবা এবং সহযোগিতার ধরন নির্ধারণে সম্ভাব্য অংশীদারদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘নতুন কোনো বাজারে কার্যক্রম সম্প্রসারণের আগে আমরা সেখানকার মানুষের আয় ও প্রকৃত প্রয়োজন বোঝার চেষ্টা করি। এরপর সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সেবা, মূল্য নির্ধারণ এবং সহযোগিতার ধরন নিয়ে কাজ করি। হংকংয়ের মডেল সরাসরি অন্য দেশে প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য নয়।’
হংকংয়ে লিভফরওয়েল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে মিরান্ডা ওং বলেন, ‘এই সফরের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য পরীক্ষা, সেবার ব্যয় এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ ও চাহিদা সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা হংকংয়ে স্বাস্থ্যপ্রযুক্তির ব্যবহার সরাসরি দেখেছেন।’
তবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সূচির কথা জানাননি তিনি।