সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপানের অভিযোগ, ৩ শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা সরফত আলীর (৩৮) বিরুদ্ধে। এ ঘটনায় তিনি নিজেও বিষপান করেছেন। সরফত আলীকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) এবং শামীম মিয়া (২)। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় সরফত আলী তার তিন শিশুসন্তানকে জোরপূর্বক বিষপান করান। এরপর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাদের বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।অন্যদিকে সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য শিশুদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচ/
-
০১ অক্টোবর, ২০২৩