০৪ জুলাই, ২০২৬ ০৩:৫৪ পিএম

বিএমইউতে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত

বিএমইউতে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিএসসি ইন নার্সিং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি এবং এমএসসি ইন নার্সিং চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ সময় অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, শপথ গ্রহণ, থিম সং পরিবেশন এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বিশ্বজুড়ে নার্সিং একটি অত্যন্ত সম্মানজনক পেশা। ক্যাপিং সেরিমনিতে শিক্ষার্থীরা যে শপথ নিয়েছেন, তা যেন তারা অন্তরে ধারণ করে পেশাগত জীবনে বাস্তবায়ন করেন।

তিনি বলেন, ‘নার্সরা হাসপাতালের প্রাণ। রোগীদের সঙ্গে আন্তরিকতা ও হাসিমুখে কথা বলে তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে সেবা দিতে হবে। রোগীর পাশে থেকে মানবিক ও দায়িত্বশীল সেবাই একজন নার্সের সবচেয়ে বড় পরিচয়।’

উপাচার্য আরও বলেন, রোগীদের সেবায় কোনো ধরনের স্থবিরতা আসতে দেওয়া যাবে না। বিএমইউর নার্সরা দেশের জন্য রোল মডেল হয়ে উঠবেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কালাম এবং প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

এ সময় উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ক্যাপ নার্সিং পেশার দায়িত্ববোধ ও অনুপ্রেরণার প্রতীক। দক্ষ ও সময়োপযোগী নার্সিং সেবার মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন রক্ষা সম্ভব হয়েছে। মানবসেবাই সবচেয়ে বড় ইবাদত এবং নার্সিং পেশায় এই আদর্শ সবচেয়ে বেশি প্রতিফলিত হয়।

উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সরা রোগীর সুস্থতার অন্যতম প্রধান অংশীদার। তিনি জানান, বর্তমান প্রশাসন মেধার ভিত্তিতে ৩২ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫১৬ জন নার্স নিয়োগ দিয়েছে এবং দীর্ঘদিনের গ্রেডিং সমস্যারও সমাধান করেছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ‘সেবাই আমাদের ধর্ম, সেবাই আমাদের কর্ম’ এই আদর্শ ধারণ করতে পারলে রোগীদের নার্সিং সেবা নিয়ে বিদ্যমান অসন্তুষ্টি দূর করা সম্ভব হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কালাম বলেন, নার্সিং সেবা ছাড়া কোনো স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হতে পারে না। উন্নত নার্সিং সেবাই দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, রোগীদের সবচেয়ে সংকটময় মুহূর্তে নার্সরাই তাদের পাশে থাকেন। দক্ষতা, সততা, মানবিকতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে হবে। তিনি জানান, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নার্সদের দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার অবসান ঘটিয়েছে এবং নার্সিং শিক্ষা ও সেবার উন্নয়নে কাজ অব্যাহত রাখবে।

সভাপতির বক্তব্যে নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান বলেন, দেশে নার্সিং শিক্ষার মানোন্নয়নে বিএমইউ ধারাবাহিকভাবে কাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিএসসি, এমএসসি এবং পিএইচডি পর্যায়ে নার্সিং শিক্ষা চালু রয়েছে। দেশের প্রয়োজন বিবেচনায় উচ্চতর নার্সিং শিক্ষায় শিক্ষার্থী ভর্তির সংখ্যা আরও বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক, সেবা তত্ত্বাবধায়ক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত