০৩ জুলাই, ২০২৬ ০৮:৩২ পিএম

বেসরকারি হাসপাতালে প্রতি ১০ শয্যায় একজন চিকিৎসক নিশ্চিতের নির্দেশ

বেসরকারি হাসপাতালে প্রতি ১০ শয্যায় একজন চিকিৎসক নিশ্চিতের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের সব সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শয্যাসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রাখা বাধ্যতামূলক। বিশেষ করে ৫০ শয্যার একটি হাসপাতালে প্রতি শিফটে ন্যূনতম পাঁচজন মেডিকেল অফিসার উপস্থিত থাকতে হবে। অর্থাৎ প্রতি ১০ শয্যার বিপরীতে অন্তত একজন মেডিকেল অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

এ নির্দেশনা বাস্তবায়নে সিভিল সার্জনদের জেলার সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসকদের নাম, বিএমডিসি নিবন্ধন নম্বর এবং মোবাইল নম্বরসহ তথ্যসম্বলিত তালিকা প্রতি মাসে সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘প্রাপ্ত তথ্য ও ডিউটি রোস্টারের ভিত্তিতে নিয়মিত যাচাই-বাছাই এবং আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে হবে। কোনো হাসপাতাল বা ক্লিনিকে নির্ধারিত সংখ্যক চিকিৎসক উপস্থিত না থাকলে অথবা ভুয়া কিংবা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে হবে।’

এছাড়া, চিকিৎসক উপস্থিতি পর্যবেক্ষণ-সংক্রান্ত কার্যক্রমের সারসংক্ষেপ প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত