১০ জুন, ২০২৬ ০১:৪৬ পিএম

আদ-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, দ্রুতই সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাবে সরকার সন্তুষ্ট নয় জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দ্রুতই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদ-দ্বীন হাসপাতাল জবাব দিয়েছে, সেটি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনী তারা লিখেছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকের পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদ-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।’

হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখেছে, কিন্তু সবই ভেগ (অস্পষ্ট) রিপ্লাই। প্রয়োজনীয় তথ্য না দিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি লিখেছে।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নিজেদের মধ্যে আলোচনা করে কী ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে জানিয়ে তিনি জানান, এ বিষয়ে সরকারের অবস্থান বৈঠকে সিদ্ধান্তের পর জানানো হবে।

প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। 

কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

এর পর গত ৪ জুন আদ-দ্বীন হাসপাতালকে দর্শানোর নোটিশ (শোকজ) পাঠায় স্বাস্থ্য সেবা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত ওই শোকজের জবাব গতকাল মঙ্গলবার (৯ জুন) প্রদান করে আদ-দ্বীন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসঙ্গতি থাকার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত