১৯ মে, ২০২৬ ১২:৫২ পিএম

হামের চিকিৎসায় আলাদা ওয়ার্ড করার নির্দেশ, দিনে দুইবার বিশেষজ্ঞ চিকিৎসকের রাউন্ড

হামের চিকিৎসায় আলাদা ওয়ার্ড করার নির্দেশ, দিনে দুইবার বিশেষজ্ঞ চিকিৎসকের রাউন্ড
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এসব রোগীকে ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে।

আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

নির্দেশনায় বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এ ছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ভর্তিকৃত প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম ও সন্দেহজনক হাম রোগীদের সব তথ্য নিয়মিত এমআইএস সার্ভারে আপলোড করতে হবে। এ সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য http://surveillance.dghs.gov.bd ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজনে ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রযোজ্য হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকর ও সমন্বিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত