শরীয়তপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় টাঙ্গাইল মেডিকেলে প্রতিবাদ সমাবেশ
মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাসিরি উদ্দিনের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং হাসপাতালে জনবল সংকট নিরসনের দাবি জানান।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনের কাছে পাঁচ দফা দাবি–সংবলিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক ডা. বাদল।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দেশের সব হাসপাতালে চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অতিরিক্ত রোগীর চাপ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া।
সমাবেশে ডা. রোকনুজ্জামান বলেন, ‘চিকিৎসকেরা সেবার মানসিকতা নিয়ে এই পেশায় আসেন। কিন্তু একটি ৫০০ শয্যার হাসপাতালে আমাদের প্রায় ২ হাজার রোগী সামাল দিতে হয়। প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা ছাড়া মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া কঠিন।’
তিনি আরও বলেন, হাসপাতালে রোগী সুস্থ হয়ে ফিরতে পারেন, আবার অবস্থার অবনতি কিংবা মৃত্যুও হতে পারে। এসব পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা প্রয়োজন। চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তিনি।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ উস সামাদ মাহিদ বলেন, ‘সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। চিকিৎসকদের ওপর হামলা চলতে থাকলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাহত হবে।’
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য দেন ডা. বিশ্বজিৎ সরকার। তিনি বলেন, ‘ডা. নাসির রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। অভিযোগ থাকলে আইনি পথে সমাধান হওয়া উচিত। হামলা কোনো সমাধান হতে পারে না।’