ইবনে সিনায় নারী শিক্ষার্থীদের উদ্যোগে বোনস ব্যাংক, বিনামূল্যে বোনস পেলেন ১২ শিক্ষার্থী
মেডিভয়েস রিপোর্ট: ইবনে সিনা মেডিকেল কলেজে (আইএসএমসি) নারী শিক্ষার্থীদের উদ্যোগে বোনস ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গত ৬ এপ্রিল এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জানা গেছে, চলতি বছর মেডিকেলে ভর্তি হওয়া ১২ জন নতুন নারী শিক্ষার্থীর হাতে ১২ সেট বোনস তুলে দেয় বোনস ব্যাংক।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বোনস নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালের ২৭ জুলাই ইবনে সিনা মেডিকেল কলেজের নারী শাখার কাজ শুরু হয়। ওই সময় এক সেট বোনস দিয়ে যাত্রা শুরু হলেও বিগত তিন বছর ধরে বিনামূল্যে বোনস দেওয়ার বিষয়ে নারী শিক্ষার্থীদের এগিয়ে আসতে অনুপ্রেরণা দিয়ে আসছেন তারা।
এ ব্যাপারে ইতোমধ্যেই নারী শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছেন উল্লেখ বোনস ব্যাংকের নেতৃবৃন্দ বলেন, ব্যাংক প্রতিষ্ঠার তিন দিনের মধ্যে ছয়জন শিক্ষার্থী তাঁদের সংগ্রহে থাকা ৬ সেট বোনস এই প্ল্যাটফর্মে দান করেছেন।
সুন্দর চিন্তা ও দানের প্রতি সম্মান জানিয়ে বোনস ব্যাংকের তরফ থেকে তাঁদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেছে বোনস ব্যাংক।
অন্যদিকে গত সেশনের ছয়জন নারী শিক্ষার্থী পড়াশোনা শেষে তাঁদের সংগ্রহে থাকা বোনস ব্যাংকে দান করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এমন প্রেক্ষাপটে আগামী বছরগুলোতে ইবনে সিনা মেডিকেল কলেজের প্রতিটি নারী শিক্ষার্থীকে বিনামূল্যে বোনস প্রদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ইবনে সিনা মেডিকেল কলেজ (আইএসএমসি) বোনস ব্যাংক নারী শাখার সভানেত্রী ডা. স্নিগ্ধা সুলতানা বলেন, এমন ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে যেমন বোনস বেচাকেনার অবৈধ বাণিজ্য প্রতিরোধ করা সম্ভব, তেমনি হারামমুক্ত, যথাযথ নৈতিকতা, সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে জ্ঞানার্জনের পথও সুগম করা সম্ভব।
অনেকে বোনস বেচাকেনার হারাম হওয়ার বিষয়ে অবগত নন উল্লেখ করে তারা বোনস ব্যাংকের তিনিআও বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে মানবদেহের গঠন আলোচনা, পর্যালোচনা এবং বাস্তবধর্মী ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য মানব কংকাল কেবল গুরুত্বপূর্ণই নয়, বরং অত্যাবশ্যকীয় শিক্ষাসামগ্রী। প্রয়োজনের তুলনায় এর সরবরাহ কিছুটা দুরূহ হলেও মানব কংকাল কখনোই ব্যবসায়িক পণ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি।’ (সূরা আল-ইসরা, ১৭:৭০)। আর হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় তার হাড় ভাঙার মতোই (গুনাহ)।’
বোনস ব্যাংক নেতৃবৃন্দ বলেন, ‘শরিয়তে মানবদেহের বাজারমূল্য নির্ধারণের অনুমতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা মৃত্যুর পরও আদম সন্তানের দেহকে মর্যাদাবান করেছেন।’
‘তবে অনেক সমসাময়িক ইসলামী আইন শাস্ত্রবিদ শিক্ষাগত ব্যবহারের জন্য দানভিত্তিক ব্যবস্থাকে শর্তসাপেক্ষে অনুমোদনযোগ্য বলেছেন। এমন চিন্তা থেকেই বাংলাদেশের প্রায় অধিকাংশ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে বোনস ব্যাংক চালু হয়েছে’—বলেন তারা।
এমইউ/