০২ মে, ২০২৬ ০৪:২৩ পিএম

শেবাচিমে একাডেমিক ও সামাজিক কার্যক্রমের ওয়েবসাইট ‘সারথ্য-৫৭’ চালু

শেবাচিমে একাডেমিক ও সামাজিক কার্যক্রমের ওয়েবসাইট ‘সারথ্য-৫৭’ চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ৫৭তম ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক কার্যক্রমকে এক প্ল্যাটফর্মে আনতে ‘সারথ্য-৫৭’ নামে একটি অনলাইন ওয়েবসাইট চালু করা হয়েছে। গত ২৮ এপ্রিল এই ওয়েবসাইটি তৈরি করেন একই ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আয়মান কাউসার।

সংশ্লিষ্টরা জানায়, নবাগত শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা প্রস্তুতি এবং পারস্পরিক যোগাযোগ সহজ করতেই সম্প্রতি এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এটি শেবাচিমকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।

ওয়েবসাইটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর টিউটর ‘সারথ্য এআই’ সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বিষয়ে প্রশ্নোত্তর, এমসিকিউ তৈরি, নেমোনিক এবং পিডিএফ সারসংক্ষেপ পাওয়া যায়। এ ছাড়া একাডেমিক ভল্টে নোট, পিডিএফ ও প্রেজেন্টেশন সংরক্ষণ, অ্যানাটমি ভিজ্যুয়ালাইজারের মাধ্যমে মানবদেহের গঠন ইন্টারেক্টিভভাবে দেখার সুবিধা রয়েছে।

পরীক্ষা প্রস্তুতিতে সহায়তার জন্য এক্সাম কাউন্টডাউন ও প্রগ্রেস ট্র্যাকার ফিচার যুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের অগ্রগতি বিশ্লেষণে সহায়তা করবে। পাশাপাশি সিআর নোটিস বোর্ড ও এসওএস ইমার্জেন্সি সিস্টেমের মাধ্যমে দ্রুত নোটিশ ও জরুরি বার্তা আদান-প্রদানের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া ব্লাড ডোনার রেজিস্ট্রি ও সোশ্যাল হাব শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ জোরদার করবে। আধুনিক ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্লোবাল সার্চ, ক্যাম্পাস ম্যাপ, গ্যালারি, লাইট/ডার্ক মোড এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সুবিধাও যুক্ত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিতে গেস্ট, স্টুডেন্ট ও ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর)—এই তিন স্তরের নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ‘সারথ্য-৫৭’ একদিকে যেমন শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা জোরদার করছে, তেমনি একটি সমন্বিত ডিজিটাল কমিউনিটি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত