০২ মে, ২০২৬ ০৪:১৫ পিএম

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তাদের মধ্যে ৮০ শতাংশই হবে নারী স্বাস্থ্যকর্মী।

আজ শনিবার (২ মে) বেলা সোয়া ১১টায় সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। তাদের মধ্যে ৮০ ভাগ থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে। তবে আমরা জোর দেবো, গ্রামের মানুষের ওপরে বেশি। তারা বিশেষ করে পরিবারের নারীদের কাছে গিয়ে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা চালাবে।’

সরকারপ্রধান বলেন, নতুন নিয়োগকৃত স্বাস্থ্যকর্মী বিশেষ করে পরিবারের নারী যাঁরা আছেন, যাঁরা সংসার দেখাশোনা করেন, তাঁদের সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিও হবে না, বা লাইফস্টাইল কী হলে তাঁর হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে বা কিডনির রোগ হবে না, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করবে। হাইজিন সম্পর্কে তাঁদের সংশোধন করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাচ্ছি ধীরে ধীরে সামগ্রিকভাবে পুরো দেশে অসুস্থ যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা। ফলে স্বাভাবিকভাবে যাঁরা হাসপাতালে আসবেন, পরবর্তী সময়ে অসুস্থ হয়ে তাঁদের যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আমাদের জন্য সুবিধা হবে টেককেয়ার করতে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যাঁরা অসুস্থ হবেন তাঁরা বেটার সার্ভিস পাবেন।’

দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক উদ্যোগের কথা বলেছিলাম। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।’

‘নানা সমস্যা আছে, আসার সময় দেখলাম সুনামগঞ্জের বিরাট একটা অংশে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রামে জলবদ্ধতার সমস্যা তৈরি হয়েছিল। যদিও বেশিরভাগ সত্যতা ছিল না’ যোগ করেন তারেক রহমান।

সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। অনুষ্ঠান সঞ্চালন করেন সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা সুনন্দা রায়। অনুষ্ঠানে দর্শক সারিতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সুশীল সমাজসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক