হিমোফিলিয়া দিবস: রোগীদের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিতের আহ্বান বিটিএসবির
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে উন্নত, নিরাপদ ও সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি)।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ফারহানা ইসলাম, মহাসচিব ডা. মো. খায়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ ডা. মো. ওয়াসীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংগঠনটির দাবি, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় ক্লটিং ফ্যাক্টরের (ফ্যাক্টর এইট ও নাইন) সীমিত প্রাপ্যতা এবং উচ্চ ব্যয়ের কারণে অসংখ্য রোগী এখনও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে হিমোফিলিয়া চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য একটি সমন্বিত ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। সংগঠনটি ক্লটিং ফ্যাক্টরের প্রাপ্যতা বৃদ্ধির জন্য সরকারি ক্রয়, ভর্তুকি এবং অংশীদারিত্বের মাধ্যমে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি, এসব সেবা বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আরও বিস্তৃত করতে হবে।
এতে যেসব অঞ্চলে ক্লটিং ফ্যাক্টর সহজলভ্য নয়, সেসব এলাকায় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (এফএফপি) ও ক্রায়োপ্রিসিপিটেটের সময়মতো সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিটিএসবি আরও জানায়, ফ্যাক্টর, এফএফপি এবং ক্রায়োপ্রিসিপিটেটে নিরাপদ ও সঠিক ব্যবহারের জন্য জাতীয় মানসম্মত গাইডলাইন প্রণয়ন করা উচিত এবং দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসার জন্য ডে-কেয়ার ট্রান্সফিউশন সেবা চালু করা জরুরি।
এছাড়া, প্লাজমা পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদান ও এফেরেসিস পদ্ধতিতে প্লাজমা ডোনেশন উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির ভাষ্য মতে, যদি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জোরদার করা যায়, তবে হিমোফিলিয়ার জটিলতা অনেকাংশে হ্রাস করা সম্ভব।
সংগঠনটি আরও জানায়, যদিও ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট হিমোফিলিয়ার সবচেয়ে কার্যকর চিকিৎসা, তবে বাংলাদেশের মতো সম্পদ সীমিত দেশের জন্য এফএফপি ও ক্রায়োপ্রিসিপিটেট কার্যকর সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিটিএসবির নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং উন্নয়ন সহযোগীদের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে, যাতে দেশের হিমোফিলিয়া রোগীরা উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন এবং এটি সহজলভ্য হয়।
এমআই/