বিএমইউতে ইউরোলজি দিবস উদযাপন
মেডিভয়েস রিপোর্ট: ‘আধুনিক ইউরোলজি সেবা—সবার জন্য প্রাপ্যতা’ স্লোগান নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইউরোলজি দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দিবসটি উপলক্ষে বিএমইউর সি ব্লকে র্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এসকল কার্যক্রমের উদ্বোধন করেন বিএমইউর ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইদুল ইসলামসহ অন্যান্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জনগণকে মূত্রতন্ত্র ও পুরুষের প্রজননতন্ত্র–সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, ইউরোলজি চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে কিডনি, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালিসহ পুরুষের প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের নির্ণয় ও চিকিৎসা করা হয়। এসব রোগের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবে রক্তপাত, তীব্র কোমর বা পেটের পাশের ব্যথা এবং পুরুষের যৌন দুর্বলতা।
ইউরোলজি বিভাগের আওতায় প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, প্রোস্টেট ক্যান্সার, কিডনি ও মূত্রনালির পাথর, লেজার চিকিৎসা, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারি, কিডনি প্রতিস্থাপনসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান, ধূমপান পরিহার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
তাদের মতে, ইউরোলজিক্যাল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সহজেই চিকিৎসা সম্ভব। তাই কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
টিআই/