০৫ মার্চ, ২০২৬ ০৯:৩৫ পিএম

মুগদা মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুগদা মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজে (মুমেক) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘সম্প্রীতির ইফতার ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) কলেজ বিল্ডিংয়ে আয়োজিত ইফতার মাহফিলে চার শতাধিক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য ভিন্ন ভিন্ন স্থানে ইফতারের ব্যবস্থা করা হয়। ছাত্রদের জন্য কলেজের একাডেমিক ভবনের ছাদে এবং ছাত্রীদের জন্য কলেজের গ্যালারিতে ইফতারের আয়োজন করা হয়।

ইফতার-পরবর্তী সময়ে ছাত্র ও ছাত্রীদের জন্য রাখা হয় আলাদা দুটি ফুচকা স্টল। পাশাপাশি ছাত্রীদের জন্য মেহেদী স্টলের ব্যবস্থা করা হয়, যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা জানান, মেডিকেল শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মেডিকেল জোনের সেক্রেটারি ডা. জুলফিকার আলী। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন মুমেকের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডা. আবুল খায়ের, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. মো. আবদুল্লাহ এবং সেক্রেটারি ডা. মো. আফিকুর রহমান সাকিব। আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবদুল্লাহ আল মারুফ।

ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মুমেক হাসপাতাল মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে 'সম্প্রীতির ইফতার' সফলভাবে সম্পন্ন হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মুগদা মেডিকলে কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত