নরসিংদীতে হচ্ছে নতুন মেডিকেল কলেজ, সম্ভাব্যতা যাচাই শুরু
মেডিভয়েস রিপোর্ট: নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয়তা নিরূপণ ও সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রালয়ের জারি করা এক পত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত পত্রে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের ৯ জানুয়ারির একটি স্মারকের পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের নির্মাণ শাখা থেকে প্রাপ্ত পত্র সংযোজনীসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে পত্রের মর্মানুযায়ী নরসিংদী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতা বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্রটি পাঠানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।
গত ১৭ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (এমপি)। এর পর দিন প্রথম কর্ম দিবসেই নরসিংদী মেডিকেল কলেজ করার ব্যাপারে কার্যক্রম শুরু করলেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরে সাংবাদিকদের তিনি বলেন, একটা মেডিকেল কলেজ নরসিংদীতে করার চিন্তা আছে, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে দুইটি আইসিইউ ইউনিট আনার জন্য আমি ইচ্ছাপোষণ করেছি।’
এর আগে গত ১ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলায় আরও একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।
এর আগে গত বছরের ৯ নভেম্বর একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদানের অনুমোদন পাওয়া নতুন মেডিকেল কলেজ হলো ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।
এমইউ/