প্রয়োজনের আলোকে আরও মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে যেখানে যেখানে দরকার হবে সেখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার চিন্তা আছে জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে দুইটি আইসিইউ ইউনিট আনার জন্য আমি ইচ্ছাপোষণ করেছি।’
সরদার সাখাওয়াত, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে একটি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে।
তিনি আরও বলেন, ‘চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রুপে পূরণ হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।’
এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল নিজ বাড়িতে পৌঁছলে প্রশাসন ও নেতাকর্মীদের ফুলে তিনি সিক্ত হউন।
টিআই/এমইউ