বিজয় দিবস উপলক্ষে ঢাকা মেডিকেলে প্রীতি ফুটবল ম্যাচ
মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ ডা. ফজলে রাব্বি হলে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন মেডিকেলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ডা. ফজলে রাব্বি হলের সহকারী তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. আহসান হাবীব।
প্রীতি ফুটবল ম্যাচের আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়। খেলাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। হলের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উভয় দলই সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে অংশগ্রহণ করে।
খেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি ও আয়োজক কমিটি। মাঠে উভয় দলের খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং করতালিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে এবং ক্যাম্পাস জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।’
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা সৌজন্য সাক্ষাৎ ও স্মৃতিচিত্র ধারণ করেন। এছাড়া এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হয়।