বিজয় দিবসে রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ‘ভিক্টরি রান’
মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রশিবিরের উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরপিএমসি শিবির’ শীর্ষক একটি ভিক্টরি রান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটায় অনুষ্ঠিত এই মিনি ম্যারাথনে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। দৌড় চলাকালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা’ ও ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগান দিতে দেখা যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান এবং রমেক প্রতিনিধি মোহাম্মদ শাওন উপস্থিত ছিলেন।
ভিক্টরি রানের উদ্বোধন করে অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, পঞ্চান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে কলেজে আয়োজিত কর্মসূচির মধ্যে ভিক্টরি রান একটি ব্যতিক্রমী আয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক।
উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন বলেন, বিজয়ের এই দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলাই হওয়া উচিত আজকের অঙ্গীকার।
ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা বলেন, বিভিন্নভাবে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করা হয়। তিনি বলেন, বাংলাদেশ কোনো বাইরের শক্তির নয়, এই দেশ বাংলাদেশের মানুষের।
রমেক প্রতিনিধি মোহাম্মদ শাওন বলেন, স্বাধীনতার এত বছর পরও বিচারহীনতা ও নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে ছাত্রসমাজ অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।