১৭ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩০ পিএম

দেশের বিভিন্ন মেডিকেলে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

দেশের বিভিন্ন মেডিকেলে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে খেলাধুলা, দৌড় কর্মসূচি, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এসব কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ ডা. ফজলে রাব্বি হলে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মেডিকেলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। সার্বিক সহযোগিতা করে কলেজ কর্তৃপক্ষ।

খেলার আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ। এ ছাড়া শহীদ ডা. ফজলে রাব্বি হলের সহকারী তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. আহসান হাবীব উপস্থিত ছিলেন। খেলাটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজে (রমেক) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরপিএমসি শিবির’ শীর্ষক দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাতটায় আয়োজিত এই মিনি ম্যারাথনে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন। বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে আয়োজিত এই ম্যাচে কলেজের ৫৫তম ও ৫৬তম ব্যাচ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৫৫তম ব্যাচ জয়লাভ করে। ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন শিক্ষার্থী সৈকত বসু।

রাজশাহী মেডিকেল কলেজ

রাজশাহী মেডিকেল কলেজে (আরএমসি) ছাত্রশিবিরের উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরএমসি শিবির’ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই দৌড়ে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রথম দশজনকে মেডেল দেওয়া হয়।

আয়োজকদের ভাষ্য, বিজয় দিবসের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক