বিএমইউর ‘এ’ ব্লকের চারতলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের চারতলায় আগুন লেগেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে হলে অবস্থানরত একাধিক রেসিডেন্ট চিকিৎসক জানিয়েছেন। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর দুটি ইউনিট।
আগুনের বিষয়টি নিশ্চিত করে বিএমইউর হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ডা. জামাল উদ্দীন আহমদ দুপুর পৌনে ১২টার দিকে মেডিভয়েসকে বলেন, ‘আগুন লাগার দশ মিনিটের মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রাথমিকভাবে একটি একটিতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। আগুনের কারণে ভেতরে যাওয়া যাচ্ছে না। ফলে ক্ষতির পরিমাণ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সঠিক কারণ বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সকালে ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এর পর গত ২২ নভেম্বর নরসিংদীতে আরও দুই দফা মৃদু ভূকম্পন হয়।
ভূমিকম্পের পর থেকে বহু বছরের পুরনো এবং পূর্ব থেকে রাজউকের ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকটিতে অবস্থানরত পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই পরিস্থিতিতে তারা বিকল্প আবাসনের ব্যবস্থা করার দাবি তোলেন।
এর পরিপ্রেক্ষিতে হলের ছাদসহ কিছু অংশ মেরামতের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সাত দিনের (২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) জন্য হল বন্ধ ঘোষণা করা হয়। নির্দেশনা অনুসারে আজ থেকে শিক্ষার্থীদের কক্ষ সম্পূর্ণরূপে খালি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে এই আগুনের ঘটনা ঘটলো।
এমইউ/