২৬ নভেম্বর, ২০২৫ ০৯:৫৬ এএম

সড়ক দুর্ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলের ডা. সুমনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেলের ডা. সুমনের মৃত্যু
ডা. নাসিম আহম্মেদ সুমন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় চলে গেলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাসিম আহম্মেদ সুমন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ৯টার দিকে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুরের সন্তান সুমন দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি দিনাজপুর মেডিকেলের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

স্বাস্থ্যসেবার সনদ গ্রহণের পর ডা. সুমন বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত এই চিকিৎসকের তিন মাস বয়সী সন্তান রয়েছে।

সামাজিক মাধ্যমে শোকের ছায়া

ডা. সুমনের তাঁর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানানোর পাশাপাশি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বন্ধু, সহপাঠী, সহকর্মী ও চিকিৎসকরা।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এক পোস্টে লেখেন, ‘সড়ক দুর্ঘটনায় ডা. নাসিম আহম্মেদ সুমনের মৃত্যু। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন, দিনাজপুর মেডিকেলের সাবেক শিক্ষার্থী ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগে কর্মরত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক চিকিৎসক এভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।‌ আমি জানি না কেন এ সংখ্যাটা এত বেশি! সার্জারির অধ্যাপক সাখাওয়াত স্যার মুন্নু মেডিকেল কলেজে চাকরি করতেন। পথে ঢাকা-আরচা রোডে তিনি সড়ক দুর্ঘটনায় গত বছর মৃত্যুবরণ করেন। দেশ-বিদেশে অনেক চিকিৎসক মারা গেছেন, সংখ্যাটা সাধারণের চেয়ে আনুপাতিকভাবে বেশি।‌ আমার কাছে অজানা কারণ। আমি সকল চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের সতর্কতার সাথে ও ধীর স্থিরভাবে চলাফেরা করার জন্য অনুরোধ করছি। সাথে যানবাহনে চলার কোরআনের আয়াত মুখস্ত করে নিয়ে যাত্রা পথে তেলাওয়াতের অনুরোধ করছি।’

সামাজিক মাধ্যমে মৃত্যুর খবর দিয়ে বিএমইউর রেসিডেন্ট ডা. ইমরান মালিথা বলেন, ‘ডা. সুমন ভাই দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং তার গ্রামের বাড়ি রাজশাহীর দূর্গাপুর উপজেলাতে। তিনি এক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্গাপুর রাজশাহীতে কর্মরত ছিলেন।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত