২৫ নভেম্বর, ২০২৫ ০৯:৫৭ পিএম

নোয়াখালী মেডিকেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী মেডিকেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টিচার্স অ্যাসোসিয়েশন অব নোয়াখালী মেডিকেল কলেজের উদ্যোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নোয়াখালী মেডিকেল কলেজের গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল নয়টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা। পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা এই প্রোগ্রামের ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলা উদ্দিন।

অনুষ্ঠানটির প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রশান্ত কুমার শিল। এ সময় তিনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হালনাগাদ বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে সবাইকে অবহিত করেন। মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুন্দর সেশন অনুষ্ঠিত হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ দিকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক সমিতির সভাপতি ডা. সালাহউদ্দীন মামুন।

সমাপনী বক্তব্যে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিনুর রহমান নিজেদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করায় সবাইকে ধন্যবাদ জানান এবং জ্ঞানের বিস্তারের জন্য এ ধরনের প্রেজেন্টেশন অনুষ্ঠান ভবিষ্যতে আরও আয়োজন করার আশ্বাস দেন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত