‘আমি এক হতভাগা মা, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’
মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতকের পাশে রাখা চিরকুটে লেখা ছিল, ‘আমি একজন হতভাগা মা, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নানা-নানী পরিচয়ে শিশুটিকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে ওয়ার্ডের রুমের বাইরের এক্সট্রা বেডে রেখে স্বজনরা পালিয়ে যায়।
শিশুটির বিছানার পাশে থাকা বাজারের ব্যাগে বাচ্চার জামা-কাপড়, কিছু ওষুধ এবং একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘আমি একজন হতভাগা মা, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন।’
চিরকুট থেকে জানা যায়, কন্যা শিশুটির জন্মতারিখ মঙ্গলবার (৪ নভেম্বর) এবং শিশুর মা মুসলিম।
হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা শিশুটি পেডিয়াট্রিক ওয়ার্ডের ৫১৭ নম্বর ইন্টার্ন ডাক্তারদের রুমে চিকিৎসাধীন রয়েছেন।
দায়িত্বরত চিকিৎসকরা বাচ্চাটিকে দেখতে পেয়ে তাঁদের কক্ষে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে বাচ্চাটি সুস্থ আছে।
শিশুটি কী করা হবে, জানতে চাইলে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, শনিবার হাসপাতাল প্রশাসন, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর এবং চিকিৎসকগণ মিলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন ইন্টার্ন চিকিৎসকসহ প্রায় শতাধিক মানুষ শিশুটি লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে হাসপাতাল প্রশাসন শিশুটির দত্তকের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত দেবেন।
এসএইচএন/টিআই/এমইউ