০১ নভেম্বর, ২০২৫ ০৯:৪১ এএম

ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৫০৬

ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৫০৬
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে একদিনে সারাদেশে ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়ে গেছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন ৬৬ হাজার ৮০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৯ হাজার ৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু