২০ অক্টোবর, ২০২৫ ০৬:৪০ পিএম

ডেঙ্গুতে ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের শোক

ডেঙ্গুতে ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের শোক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৭১ ব্যাচের চিকিৎসক ইফফাত মোকাররমাহ ঐশী। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তিনি ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

ডা. ঐশী লিভারজনিত মস্তিষ্ক বিকার, জটিল ডেঙ্গু এবং গর্ভাবস্থাজনিত হেল্প সিনড্রোমে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজের কে-৭১ ব্যাচের শিক্ষার্থী ঐশী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে রেসিডেন্সি কোর্সে অধ্যয়ন ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর। আজ সোমবার (২০ অক্টোবর) অধিদপ্তরের ফেসবুক পেজে এ শোক জানানো হয়।

শোকবার্তায় অধিদপ্তরের মহাপরিচালকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত