২৩ জুলাই, ২০২৩ ০১:২৫ পিএম

ডেঙ্গু: ১৫ মাসের সন্তান রেখে না ফেরার দেশে ডা. রওনক

ডেঙ্গু: ১৫ মাসের সন্তান রেখে না ফেরার দেশে ডা. রওনক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাভারের সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক। শনিবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. রওনক ছিলেন সমাজভিত্তিক মেডিকেলের এমবিবিএস ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বয়স হয়েছিল প্রায় ৩২ বছর। মৃত্যুকালে তিনি ১৫ মাস বয়সী ছেলে, স্বামী, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. রওনকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এদিকে দেশে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। শনিরাব সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন দুই হাজার ২৪২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩ জন।

অধিদপ্তর আরও জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৮০০ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৮৬২ জন। ঢাকায় ১৪ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে আট হাজার ৯৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক