২০ অক্টোবর, ২০২৫ ০৪:১৮ পিএম
বাংলাদেশ ওষুধশিল্প সমিতির তথ্য

‘কার্গো ভিলেজে আগুনে পুড়েছে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল'

‘কার্গো ভিলেজে আগুনে পুড়েছে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল'
কার্গো ভিলেজের আগুনে ওষুধের কাঁচামাল পুড়ে যাওয়ার নিয়ে বাপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধশিল্প সমিতি (বাপি)।

আজ সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব ডা. মো. জাকির হোসেন।

ওষুধশিল্প সমিতির মহাসচিব বলেন, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানির মধ্যে ২৫০ কোম্পানি সচল আছে। আজকে বেলা ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলো হিসাব দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

ডা. জাকির হোসেন বলেন, ‘সুনির্দিষ্টভাবে কত টাকার ক্ষতি হয়েছে, সেটা আমরা সব কোম্পানির কাছ থেকে জেনে আরো বিস্তারিত জানাতে পারবো। তবে এতে যে ওষুধশিল্প খাতের একটি বড় অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে সেটি ঠিক।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, একেকটি ওষুধ উৎপাদনে ১০-১২টি থেকে ৫৩টি উপকরণের প্রয়োজন হয়। ফলে ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে তিন থেকে পাঁচ হাজার কোটি কার ওষুধের উৎপাদন ব্যাহত হতে পারে। তবে সরবরাহে এখনই সমস্যা হবে না বলে মনে করেন বাপি মহাসচিব।

শনিবার আগুনের সময় অনেক বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয় জানিয়ে ডা. জাকির বলেন, সেসব বিমানে কাঁচামাল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কাঁচামাল শেষ পর্যন্ত ঠিকঠাক থাকবে কি-না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

এ সময় অন্যান্য দেশের মতো বিমানবন্দরের পণ্য খালাস কার্যক্রম ৩৬৫ দিন চালু রাখারও দাবি জানান ওষুধশিল্প সমিতির মহাসচিব।

কার্গো ভিলেজের আগুনে যে ক্ষয়ক্ষতি নিয়ে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধ নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত