ঢাবির মেডিকেলগুলোর ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোতে চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক (কপি সংযুক্ত) শ্রী শ্রী দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের নিমিত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিউট এর আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত মোট ১২ দিনের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও এতে জানানো হয়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোতে বিভিন্ন প্রফেশনাল পরীক্ষার ভাইবা পরীক্ষা চলমান ছিল। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সকল পরীক্ষা স্থগিত থাকবে।
এজি/এমইউ