১২ অগাস্ট, ২০২৫ ০৬:৩৭ পিএম

ঢামেকে কে-৮২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঢামেকে কে-৮২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢামেকের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে নানা আয়োজনে নবীনদের বরণ করা হয়।

কে-৮১ এর আয়োজনে নবীণবরণের এ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম, নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, মেডিকেল কলেজের থোরাসিক সার্জন ডা. শহীদুল ইসলাম আকনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

তাঁরা শিক্ষার্থীদেরকে মেডিকেল জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা উতরে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস ও ঐতিহ্য।

গত ১ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ১৭ জুন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।’

সে হিসাবে ওই দিন দেশের সকল মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

তবে কলেজ ও হলের সংস্কারের দাবিতে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের চলা দাবির সাথে একাত্মতা পোষণ করে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উদযাপন মেডিকেলের ওরিয়েন্টেশন বয়কট করেন নবাগত কে-৮২ ব্যাচের শিক্ষার্থীরা।

অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা ক্লাস করে পাঠ্যক্রমে এগিয়ে গেলেও নিরাপদ হল ও ক্যাম্পাসের দাবিতে অনড় থাকেন তারা।

তাদের এই ত্যাগের প্রতিদানস্বরূপ ঢাকা মেডিকেল কলেজের বাকি সিনিয়র ব্যাচগুলো কে-৮২ এর জন্য ঢামেকের ইতিহাসে সবচেয়ে সুন্দর ওরিয়েন্টেশন (নবীনবরণ) আয়োজনের প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১২ আগস্ট) মেডিকেল কলেজের চলমান ব্যাচ ও ক্লাবসমূহের সহযোগিতায় কে-৮২ ব্যাচের নবীনবরণ আয়োজন করে কে-৮১ ব্যাচের শিক্ষার্থীরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত