১০ অগাস্ট, ২০২৫ ০৪:২৩ পিএম

ভোটার তালিকার খসড়া প্রকাশ, নতুন ভোটার ৪৫ লাখের বেশি

ভোটার তালিকার খসড়া প্রকাশ, নতুন ভোটার ৪৫ লাখের বেশি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫ সালের ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শেষে করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন (৩০ জুন পর্যন্ত)।

আজ রোববার (১০ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য তুলে ধরেন।

নির্বাচন কমিশনের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে এবার নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এদের মধ্যে রয়েছেন ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকরা।

এছাড়া মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের।

নতুন যুক্ত হওয়া ভোটারদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। খসড়া তালিকায় নারী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ২৭ লাখ ৭৬২ জন, আর পুরুষ ভোটার ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। হিজড়া পরিচয়ে যুক্ত হয়েছেন ২৫১ জন ভোটার।

ইসি জানিয়েছে, হালনাগাদ তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট উপজেলা ও থানাভিত্তিক নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে।

দাবি–আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া নির্বাচন কমিশন আরও জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর সময়ের মধ্যে যাঁরা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই তরুণ ভোটারদের নাম ৩১ অক্টোবরের পর সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে।

সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক