বিমান দুর্ঘটনা: রাষ্ট্রীয় সম্মাননা পাবেন নিহত ২ শিক্ষক
মেডিভয়েস রিপোর্টি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে।
নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়ার বিষয়ে বিস্তারিত শিগগিরই নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
টিআই/