অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদের অনুমোদন
সহজ হচ্ছে অঙ্গ দান ও প্রতিস্থাপন, নেওয়া যাবে ভাতিজা-ভাগনের অঙ্গও
মেডিভয়েস রিপোর্ট: অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে আগে কেবল নিকটাত্মীয়ের (ভাই, বোন, বাবা, সন্তান) থেকে অঙ্গ নেওয়া গেলেও এখন থেকে তা ভাতিজা কিংবা ভাগনের থেকেও নেওয়া যাবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া অনুমোদন পেয়েছে। হালনাগাদ আইনে অঙ্গপ্রত্যঙ্গ দানের পরিধি যেমন বেড়েছে, তেমনি দেশের ভেতরেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মৃত্যুর পর চিকিৎসার কল্যাণে দেহ দানের নিয়মনীতিতেও পরিবর্তন এসেছে।
নতুন আইনের ফলে কারা অঙ্গ দান করতে পারবেন—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি আইনে বিস্তারিত দেওয়া আছে। আগে ভাতিজা-ভাগনেরা দিতে পারতেন না, এখানে তাদেরও যুক্ত করা হচ্ছে। এ ছাড়া, কিডনি প্রতিস্থাপনের জন্য অবৈধভাবে কাউকে বিদেশেও নিতে হবে না। দেশের হাসপাতালগুলো এ সেবা দিতে পারবে।
প্রেস সচিব বলেন, কিডনি প্রতিস্থাপন, কর্নিয়া সংযোজন হলে অন্ধত্ব দূর করা যায়। এ সংক্রান্ত আইন অনেক দিন ধরে হালনাগাদ হয়নি, যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করা হাসপাতাল ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। এ সংক্রান্ত আন্তর্জাতিক আইনও দেখা হয়েছে। সে অনুযায়ী নতুন অধ্যাদেশ হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, অনেকে দেহ দান করে যান। কেউ দেহ দান করলে অঙ্গগুলো আইনগতভাবে ব্যবহার করা যাবে। এ বিষয়গুলো আইনে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইনের কপি নেওয়া যাবে।
এসআইএস/এমইউ
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫