০৭ জুলাই, ২০২৫ ০৫:৪৬ পিএম

শেবাচিমে দুই ব্যাচের বিদায় অনুষ্ঠান

শেবাচিমে দুই ব্যাচের বিদায় অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) এমবিবিএস ৫১তম ও বিডিএস ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ২টায় কলেজের ২ নম্বর গ্যালারিতে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফায়জুল বাশার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও স্বাগত বক্তব্য উপস্থাপন করা হয়। এরপর অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. ফায়জুল বাশার বলেন, ‘৫১তম ব্যাচ দুটি গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী। এই ব্যাচের শিক্ষার্থীদের ঐক্য সত্যিই প্রশংসনীয় এবং সবার জন্য শিক্ষণীয়। তোমরাই প্রথম এমন বিদায় অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছো, যা ভবিষ্যৎ ব্যাচগুলোর জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।’

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য রাখেন, যেখানে মেডিকেল জীবন ও স্মৃতিচারণ উঠে আসে। একইসঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়।

এ ছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হানিফ হাওলাদার, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম খান, এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দনা সরকার, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ওহিদা সুলতানা, ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রেফায়েতুল হায়দার, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহা, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আহসান হাবীব, অপথ্যালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, এবং ডেন্টাল বিভাগের ডা. এস. এম. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন। ব্যাচ ও কলেজ নিয়ে ডেডিকেশন প্রদর্শনের জন্য নাঈমুর রহমান নাঈমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে তার ব্যাচমেটরা।

অনুষ্ঠানের শেষ পর্বে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে মোট ২০ জন শিক্ষার্থী পুরস্কৃত হন। পরে দুপুরের লাঞ্চের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শের-ই-বাংলা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত